শীতের শুরুতে তিস্তা এখন অনেকটাই শান্ত। পানি নেমে যাওয়ায় নদীর বুকে জেগে উঠেছে মাইলের পর মাইল বালুচর। আর সেই চরেই এখন কৃষকের ব্যস্ততা — কেউ জমি তৈরি করছেন বাদাম চাষের, কেউ বুনছেন ভুট্টা আর শীতের সবজি।
লালমনিরহাট, কুড়িগ্রাম আর নীলফামারীর চরাঞ্চলের হাজারো পরিবারের জীবিকা এই চরের ফসলের ওপর। বর্ষায় যেখানে থাকে ভাঙনের আতঙ্ক, শীতে সেখানেই ফলে সোনালি ফসল। চরের কৃষকরা বলছেন, সময়মতো বীজ আর সার পেলে এবার ফলন ভালো হওয়ার আশা আছে।
তবে চরবাসীর পুরনো দাবি একটাই — স্থায়ী বাঁধ আর নদী শাসন। প্রতি বছর ভাঙনে ঘরবাড়ি হারানোর দুর্ভোগ থেকে মুক্তি চান তারা।


