তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় শ্যালকের অনুপস্থিতির সুযোগে খালি বাড়িতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম রংপুর মহানগরের বাসিন্দা। গত শুক্রবার দুপুরে তিনি তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় শ্যালককে সঙ্গে নিয়ে তিনি একটি ধর্মীয় মাহফিলে যান। রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম শ্যালককে জানান, তার শরীর খারাপ লাগছে এবং ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন। এ কথা বলে তিনি মাহফিল থেকে বিদায় নেন, তবে মাহফিলেই থেকে যান শ্যালক।

অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতেই। শ্যালকের অনুপস্থিতির সুযোগে খালি বাড়িতে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ সময় ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং জাহাঙ্গীরকে আটক করে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর আলমকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।