শ্যামা সুন্দরী: নদীর মৃত্যু, নাকি আমাদের ইতিহাসবোধের সংকট?

নজরুল ইসলাম হক্কানী

লেখক: শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সভাপতি

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ

নদীর গতিপথ পরিবর্তন প্রকৃতির নিয়ম, কিন্তু জলপ্রবাহকে নর্দমায় পরিণত করা মানুষের দায়।

রংপুরের শ্যামা সুন্দরী খালকে ঘিরে সম্প্রতি একটি বক্তব্য নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, শ্যামা সুন্দরী কি আদৌ একটি খাল, নাকি এটি ঘাঘট নদীর প্রাচীন প্রবাহপথ? একে নদী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত, নাকি নগরজীবনের প্রয়োজনীয় জলনিষ্কাশনব্যবস্থা হিসেবে সংরক্ষণ করাই যথেষ্ট? বিতর্কটি গুরুত্বপূর্ণ। তবে আমার বিবেচনায়, নামের বিতর্কের চেয়ে বড় প্রশ্ন হচ্ছে—রংপুরের ঐতিহাসিক এই জলপ্রবাহকে আমরা কেন এমন দুরবস্থায় পৌঁছে দিলাম?

প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। নদীর গতিপথ পরিবর্তন কোনো অস্বাভাবিক ঘটনা নয়। এটি প্রকৃতির স্বাভাবিক ভৌগোলিক প্রক্রিয়া। নদী কখনো তার গতিপথ বদলায়, কখনো পুরোনো প্রবাহপথ পরিত্যাগ করে নতুন পথে প্রবাহিত হয়। কোথাও নদীর শাখা বিলুপ্ত হয়, কোথাও নতুন শাখার সৃষ্টি হয়। পলি জমা, ভূমির ঢাল পরিবর্তন, ভাঙন, বন্যা এবং ভূপ্রাকৃতিক বিবর্তন এর অন্যতম কারণ।

বাংলার নদ-নদীর ইতিহাসেও এমন পরিবর্তনের অসংখ্য নজির রয়েছে। তিস্তা নদীর প্রাচীন প্রবাহব্যবস্থা তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। ঐতিহাসিকভাবে তিস্তার সঙ্গে ত্রিস্রোতা অঞ্চলের পুনর্ভবা, আত্রাই ও করতোয়ার প্রবাহের সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে এসব নদীর প্রবাহপথ ও সংযোগব্যবস্থায় পরিবর্তন এসেছে। একসময় যে প্রবাহব্যবস্থা পদ্মামুখী ছিল, তার বড় অংশ পরবর্তী সময়ে ব্রহ্মপুত্র অববাহিকার সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ নদীর প্রবাহ ও গতিপথের পরিবর্তনকে শুধু মানুষের কর্মকাণ্ড দিয়ে ব্যাখ্যা করা যায় না; এর পেছনে দীর্ঘমেয়াদি প্রাকৃতিক ও ভূতাত্ত্বিক প্রক্রিয়াও কাজ করে।এই বাস্তবতায় শ্যামা সুন্দরীকে ঘিরে আলোচনাতেও আবেগের পাশাপাশি ইতিহাস ও ভূপ্রকৃতির নিরপেক্ষ পাঠ জরুরি।

রংপুর শহরের জজকোর্ট এলাকায় স্থাপিত ঐতিহাসিক ফলক থেকে জানা যায়, ডিমলার রাজা জানকী বল্লভ সেন তাঁর মাতা শ্যামা সুন্দরীর স্মরণে ১৮৯০ সালে একটি জলপ্রবাহ সংস্কার ও খনন করেন। উদ্দেশ্য ছিল রংপুর শহরের জলাবদ্ধতা নিরসন। ফলকের ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি জনকল্যাণমূলক উদ্যোগ।

অন্যদিকে, ব্রিটিশ জরিপবিদ জেমস রেনেলের মানচিত্রের সূত্র ধরে দাবি করা হয়, শ্যামা সুন্দরী মূলত ঘাঘট নদীর প্রাচীন প্রবাহপথের একটি অংশ। ঐতিহাসিকভাবে এই প্রবাহের তীরে রংপুরের জনবসতি, বাণিজ্য ও নৌযোগাযোগ গড়ে উঠেছিল। নবাবগঞ্জ বাজার, মীরগঞ্জ বন্দরসহ বিভিন্ন স্থাননামও সেই জলকেন্দ্রিক জনজীবনের স্মৃতি বহন করে।

তবে এখানে একটি বিষয় বিবেচনায় রাখা দরকার। কোনো প্রবাহপথের প্রাচীন পরিচয় নির্ধারণ করতে শুধু ঐতিহাসিক মানচিত্র বা স্থাননামের ওপর নির্ভর করলেই চলে না। বিভিন্ন সময়ের মানচিত্র, নদীর গতিপথ, ভূমির উচ্চতা, পুরোনো নদীখাতের অবস্থান এবং ঐতিহাসিক দলিলের সমন্বিত গবেষণা প্রয়োজন। ১৭৬৪-১৭৭৬ সালের মানচিত্রে কোনো প্রবাহকে ঘাঘটের অংশ হিসেবে দেখা গেলেও পরবর্তী সময়ে তার গতিপথ ও প্রকৃতি কীভাবে পরিবর্তিত হয়েছে, সেটিও অনুসন্ধানের বিষয়।

প্রকৃতপক্ষে ঘাঘট নদীর মূল প্রবাহ কেল্লাবন্দ এলাকা থেকে অন্যদিকে সরে যাওয়ার পর শহরের ভেতরের পুরোনো খাতটি ক্রমে পরিত্যক্ত হয়ে পড়ে। ১৮৯০ সালে জানকী বল্লভ সেন সেই পুরোনো খাতের প্রায় ১০ কিলোমিটার অংশ সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেন। তাঁর মাতার নামানুসারে এর নাম হয় শ্যামা সুন্দরী খাল। অর্থাৎ এর নামকরণ ও সংস্কারের পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে।

এখানে আমার বক্তব্য হলো, নদীর পুরোনো প্রবাহপথ কোনো কারণে পরিত্যক্ত হয়ে গেলে সেটি যে আর পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ থাকে না, এমন ধারণা সঠিক নয়। একটি নদীর সক্রিয় প্রবাহ বন্ধ হয়ে গেলেও তার পুরোনো খাত প্রাকৃতিক জলনিষ্কাশন, বৃষ্টির পানি ধারণ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নদী, খাল কিংবা প্রাচীন নদীখাত—যে পরিচয়েই একে অভিহিত করা হোক না কেন, এর পরিবেশগত গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই।

দুঃখজনক বাস্তবতা হলো, শ্যামা সুন্দরীর ক্ষেত্রে আমরা সেই গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। দীর্ঘদিনের দখল, অপরিকল্পিত নগরায়ণ, পয়োনিষ্কাশনের বর্জ্য, প্লাস্টিক ও গৃহস্থালি আবর্জনা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এটি আজ নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষায় জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে দুর্গন্ধ ও মশার উপদ্রব—সব মিলিয়ে একসময়ের প্রয়োজনীয় জলপ্রবাহ এখন নগর পরিবেশের সংকটে পরিণত হয়েছে।

এখানে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের সঙ্গে মানুষের সৃষ্ট এই বিপর্যয়কে এক করে দেখার সুযোগ নেই। প্রকৃতি নদীর গতিপথ বদলাতে পারে, কিন্তু নদীর পুরোনো খাত দখল করা, সেখানে অপরিশোধিত বর্জ্য ফেলা কিংবা জলপ্রবাহের পথ বন্ধ করে দেওয়া প্রকৃতির নিয়ম নয়। এগুলো মানুষের পরিকল্পনাহীনতা ও দায়িত্বহীনতার ফল।

তাই শ্যামা সুন্দরীকে ঘিরে ‘নদী না খাল’ বিতর্কের চেয়েও জরুরি হচ্ছে এর ঐতিহাসিক প্রবাহপথ ও পরিবেশগত অস্তিত্ব রক্ষা করা। একে ঘাঘট নদীর প্রাচীন প্রবাহপথ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি থাকলে তা যথাযথ গবেষণা ও প্রামাণ্য তথ্যের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। একই সঙ্গে খাল হিসেবে এর বর্তমান প্রশাসনিক ও নগর ব্যবস্থাপনার পরিচয় থাকলেও সংরক্ষণের দায়িত্ব থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যাহতি পাওয়ার সুযোগ নেই।

প্রয়োজন পুরোনো নদীখাতের বৈজ্ঞানিক জরিপ, সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, পরিকল্পিত খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা। শুধু খনন করলেই হবে না; কোথা থেকে পানি আসবে, কোথায় নিষ্কাশিত হবে এবং সারা বছর কীভাবে প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য বজায় থাকবে, তারও কার্যকর পরিকল্পনা থাকতে হবে।

আমার কাছে শ্যামা সুন্দরীর প্রশ্নটি কেবল একটি খাল সংস্কারের প্রশ্ন নয়; এটি রংপুরের ইতিহাস, নগর পরিকল্পনা, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের প্রশ্ন। নদী তার গতিপথ পরিবর্তন করবে, এটি প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষের অবহেলায় একটি ঐতিহাসিক জলপ্রবাহকে নর্দমায় পরিণত হতে হবে, এটি কোনো অনিবার্য পরিণতি নয়।

অতএব, শ্যামা সুন্দরীর ‘সৎকার’ নয়, প্রয়োজন তার পুনর্জীবন। নদী হিসেবে পরিচয়ের প্রশ্নের নিষ্পত্তি গবেষণার মাধ্যমে হোক, কিন্তু তার জলপ্রবাহ, ঐতিহাসিক অস্তিত্ব ও পরিবেশগত ভূমিকা রক্ষার উদ্যোগ নিতে আর কালক্ষেপণ নয়।

কারণ নদীর মৃত্যু প্রকৃতির নিয়ম হতে পারে, কিন্তু একটি নদীখাতকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই প্রকৃতির নিয়ম নয়। এর দায় মানুষের, আর সেই দায় এড়ানোর সুযোগ আমাদের নেই।